নারীর উত্তরাধিকার: কুরআনে নির্ধারিত অধিকার

এক নজরে — এই লেখায় যা আছে

  • ইসলামের আগে নারীর অবস্থা
  • মূল নীতি: নারী-পুরুষ উভয়ের অংশ আছে
  • স্ত্রীর অংশ
  • বোনের অংশ
  • অংশ আটকে রাখা কত বড় অন্যায়
  • পরিবারের করণীয়

মা-বাবা, স্বামী বা ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তিতে নারীর অংশ আছে কি না, এই প্রশ্ন আমাদের সমাজে এখনো কোথাও কোথাও উঠে আসে। অনেক পরিবারে বোন বা মেয়েকে তাঁর ন্যায্য অংশ বুঝিয়ে না দিয়ে ‘ভাইয়েরাই সব দেখবে’ বলে বিষয়টা চাপা দেওয়া হয়। অথচ কুরআন এই অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বলে ঘোষণা করেছে। কুরআনের আয়াতের আলোকে নারীর উত্তরাধিকারের মূল বিষয়গুলো সহজভাবে সাজিয়ে বলা হলো।

ইসলামের আগে নারীর অবস্থা

ইসলামপূর্ব সমাজে অনেক ক্ষেত্রে সম্পত্তির অধিকার ছিল কেবল শক্তিশালী পুরুষের। নারী, শিশু ও দুর্বলরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হতো। কোথাও কোথাও বিধবা নারীকেও মৃত স্বামীর সম্পদের মতো গণ্য করা হতো। এই প্রেক্ষাপটে কুরআন নারীর জন্য স্পষ্ট ও নির্ধারিত অংশ ঘোষণা করে।

মূল নীতি: নারী-পুরুষ উভয়ের অংশ আছে

আল্লাহ তাআলা বলেন, “পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে; অল্প হোক কিংবা বেশী। এ অংশ নির্ধারিত।” (সূরা নিসা, ৪:৭)

এখানে তিনটি বিষয় লক্ষণীয়। প্রথমত, নারী ও পুরুষ উভয়ের নাম আলাদা করে বলা হয়েছে। দ্বিতীয়ত, সম্পত্তি কম হোক বা বেশি, অংশ থেকে কেউ বাদ যাবে না। তৃতীয়ত, এ অংশ ‘নির্ধারিত’, অর্থাৎ পরিবারের ইচ্ছা বা সামাজিক রীতির ওপর তা নির্ভর করে না।

কন্যা ও মায়ের অংশ

সূরা নিসার ১১ নম্বর আয়াতে সন্তান ও পিতা-মাতার অংশ বলা হয়েছে। আল্লাহ বলেন, “আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীই হয় দু’ এর অধিক, তবে তাদের জন্যে ঐ মালের তিন ভাগের দুই ভাগ যা ত্যাগ করে মরে এবং যদি একজনই হয়, তবে তার জন্যে অর্ধেক।” (সূরা নিসা, ৪:১১)

মায়ের অংশ সম্পর্কে একই আয়াতে এসেছে, “মৃতের পিতা-মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্যে ত্যাজ্য সম্পত্তির ছয় ভাগের এক ভাগ, যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতা-মাতাই ওয়ারিস হয়, তবে মাতা পাবে তিন ভাগের এক ভাগ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ ওছিয়্যতের পর, যা করে মরেছে কিংবা ঋণ পরিশোধের পর।” (সূরা নিসা, ৪:১১)

আয়াতের শেষে বলা হয়েছে, “এটা আল্লাহ কতৃক নির্ধারিত অংশ নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, রহস্যবিদ।” এখানে মনে রাখার বিষয় হলো, অংশ বণ্টনের আগে ঋণ পরিশোধ ও ওসিয়ত পূরণের কথা বলা হয়েছে।

স্ত্রীর অংশ

স্ত্রীর অংশ সূরা নিসার ১২ নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ বলেন, “স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর।” (সূরা নিসা, ৪:১২)

অর্থাৎ স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রীর অংশ আছে। সন্তান না থাকলে এক-চতুর্থাংশ, সন্তান থাকলে এক-অষ্টমাংশ।

বোনের অংশ

সূরা নিসার শেষ আয়াতে বোনের অংশ আছে। আল্লাহ বলেন, “যদি কোন পুরুষ মারা যায় এবং তার কোন সন্তানাদি না থাকে এবং এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যাক্ত সম্পত্তির অর্ধেক অংশ … তা দুই বোন থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ই থাকে, তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান।” (সূরা নিসা, ৪:১৭৬)

‘নারী সব সময় অর্ধেক পায়’ কথাটা কি ঠিক

আয়াতগুলো পড়লে দেখা যায়, নারীর অংশ সব ক্ষেত্রে পুরুষের অর্ধেক নয়। মৃতের পুত্র থাকলে মা ও বাবা প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ করে পান, অর্থাৎ মা ও বাবার অংশ সমান। এভাবে কোনো কোনো ক্ষেত্রে নারীর অংশ পুরুষের সমান হয়। যেখানে ছেলে ও মেয়ে একসঙ্গে সন্তান হিসেবে অংশ পায়, সেখানে ছেলের অংশ দুই মেয়ের সমান। এই পার্থক্যের একটি কারণ হলো পরিবারের আর্থিক দায়িত্ব সাধারণত পুরুষের ওপর থাকে।

অংশ আটকে রাখা কত বড় অন্যায়

উত্তরাধিকারের আয়াতগুলোর পর আল্লাহ তাআলা বলেন, “এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ ও রসূলের আদেশমত চলে, তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন … এ হল বিরাট সাফল্য।” (সূরা নিসা, ৪:১৩) এবং “যে কেউ আল্লাহ ও রসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।” (সূরা নিসা, ৪:১৪)

আরেক জায়গায় আল্লাহ বলেন, “তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না।” (সূরা বাকারা, ২:১৮৮) আয়িশা (রাযি.) বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, (কিয়ামতের দিন) এর সাত তবক জমি তার গলায় লটকিয়ে দেয়া হবে।” (সহীহ বুখারী, হাদীস ২৪৫৩)

পরিবারের করণীয়

  • মৃত্যুর পর বিলম্ব না করে ঋণ ও ওসিয়ত মিটিয়ে ফারায়েয অনুযায়ী সম্পত্তি ভাগ করা।
  • বোন ও মেয়েকে লোকলজ্জা বা সামাজিক চাপের কথা বলে বঞ্চিত না করা।
  • নারী নিজের অধিকার সম্পর্কে জানা এবং সম্পর্ক ঠিক রেখে ভদ্রভাবে তা চেয়ে নেওয়া।

আল্লাহ তাআলা আমাদের পরিবারে ইনসাফ ও শান্তি দান করুন। আমীন।

Author