কুরআনের আলোকে মা-বাবার আটটি অধিকার

এক নজরে — এই লেখায় যা আছে

  • আল্লাহর ইবাদতের সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ
  • বিরক্তি প্রকাশ না করা
  • সম্মানজনক কথা বলা
  • বিনয়ের পাখা অবনত করা
  • কৃতজ্ঞতা প্রকাশ
  • দুনিয়ায় সদ্ভাবে বসবাস

ইসলাম মা-বাবার অধিকার ও মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছে। কুরআনের বিভিন্ন সুরায় মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। কুরআন ও সুন্নাহর আলোকে মা-বাবার প্রধান আটটি অধিকার এখানে একে একে আলোচনা করা হলো।

১. আল্লাহর ইবাদতের সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ

আল্লাহ বলেছেন, ‘তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত কোরো না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

এই আয়াতে আল্লাহ তাআলা মা-বাবার আদব, সম্মান ও তাঁদের সঙ্গে সদ্ব্যবহারকে নিজের ইবাদতের সঙ্গে একসঙ্গে উল্লেখ করে ফরয করেছেন। এতে প্রমাণ হয়, আল্লাহর ইবাদতের পর মা-বাবার আনুগত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করল, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তিনি বললেন, ‘সময় হলে নামাজ পড়া।’ সে আবার প্রশ্ন করল, এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয়? তিনি বললেন, ‘পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৭০)

২. বিরক্তি প্রকাশ না করা

আল্লাহ বলেছেন, ‘পিতা-মাতার কোনো একজন কিংবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাঁদেরকে উফ পর্যন্ত বলো না।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

এখানে ‘উফ’ শব্দ দিয়ে এমন সব শব্দ বোঝানো হয়েছে, যাতে সামান্যতম বিরক্তি বা অসন্তোষ প্রকাশ পায়। এমনকি তাঁদের কথা শুনে বিরক্তির দীর্ঘশ্বাস ফেলাও এর মধ্যে পড়ে। বার্ধক্যের কারণে তাঁরা কোনো কথা বারবার বললে বা কোনো আবদার করলে সহনশীলতার সঙ্গে তার জবাব দিতে হবে।

৩. ধমক না দেওয়া

কুরআনে স্পষ্ট নির্দেশ এসেছে, ‘তাঁদেরকে ধমক দিও না।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

আল্লাহ বিরক্তির সর্বনিম্ন প্রকাশ ‘উফ’ শব্দকেও নিষিদ্ধ করেছেন। যেখানে এটুকু কষ্ট দেওয়াও হারাম, সেখানে উচ্চ স্বরে কথা বলা, ধমক দেওয়া, অপমান করা, গালিগালাজ করা কিংবা রাগ দেখানো যে কত বড় অপরাধ, তা সহজেই বোঝা যায়।

হাদীস শরিফে এসেছে, এক ব্যক্তি মহানবীকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! আমার সদ্ব্যবহার পাওয়ার কে সবচেয়ে বেশি হকদার? তিনি বললেন, ‘তোমার মা।’ সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, ‘তোমার মা।’ সে পুনরায় জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, ‘তোমার মা।’ সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, ‘তোমার বাবা।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৪৮)

৪. সম্মানজনক কথা বলা

আল্লাহ বলেছেন, ‘তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

আগের নির্দেশগুলো ছিল নিষেধমূলক, অর্থাৎ মা-বাবার সামান্যতম কষ্টের কারণ হতে পারে, এমন আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর এই নির্দেশে ইতিবাচকভাবে তাঁদের সঙ্গে কথা বলার ঐশী শিষ্টাচার শেখানো হয়েছে। সব সময় ভালোবাসা, শ্রদ্ধা ও নম্র কণ্ঠে কথা বলতে হবে। তাবেয়ি সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন, ‘সন্তান তার পিতা-মাতার সঙ্গে এমন বিনয় ও নম্রতার সঙ্গে কথা বলবে, যেমন একজন অনুগত দাস তার কঠোর স্বভাবের প্রভুর সঙ্গে কথা বলে।’

৫. বিনয়ের পাখা অবনত করা

আল্লাহ বলেছেন, ‘পিতা-মাতার প্রতি মমতাবশত বিনয়ের পাখা অবনত করে দাও।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৪)

সন্তান যেন ভালোবাসা, শ্রদ্ধা ও বিনয়ের প্রতীক হয়ে মা-বাবার সামনে নিজেকে বিনম্র ও অনুগত রাখে। তবে এই নম্রতা শুধু বাইরের বা লোকদেখানো হলে চলবে না; তা হতে হবে অন্তরের গভীর ভালোবাসা ও মমতা থেকে। মা-বাবার সামনে নিজেকে নত করা কোনো হীনতা নয়; বরং তা দুনিয়া ও আখেরাতে সত্যিকার মর্যাদা লাভের অন্যতম মাধ্যম।

৬. তাঁদের জন্য দোয়া করা

আল্লাহ সন্তানদের দোয়ার নিয়ম শিখিয়ে বলেছেন, ‘দোয়া করো, হে আমার প্রতিপালক! তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন-পালন করেছে, তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৪)

মা-বাবার ষোলো আনা সুখ-শান্তির ব্যবস্থা করা মানুষের সাধ্যের বাইরে। তাই সাধ্যমতো চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে প্রতিনিয়ত তাঁদের জন্য দোয়া করতে হবে। প্রত্যেক সন্তানের উচিত মা-বাবার জীবদ্দশায় এবং মৃত্যুর পরও এই দোয়ার মাধ্যমে তাঁদের আত্মিক খেদমত করা।

৭. কৃতজ্ঞতা প্রকাশ

আল্লাহ বলেছেন, ‘তুমি শোকর আদায় করো আমার এবং তোমার পিতা-মাতার।’ (সুরা লুকমান, আয়াত: ১৪)

এই আয়াতে আল্লাহ নিজের কৃতজ্ঞতার পাশাপাশি মা-বাবার শুকরিয়া আদায় করাকেও আবশ্যক করেছেন। মা গর্ভধারণ ও লালন-পালনে কষ্ট সহ্য করেন, আর বাবা সন্তানের ভরণ-পোষণ ও নিরাপত্তার জন্য নিরলস পরিশ্রম করেন। আল্লাহর অনুগ্রহের পর মানবজীবনে মা-বাবার অবদানই সবচেয়ে বেশি। হাদীস শরিফে নবীজি (সা.) বলেছেন, ‘যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১১২৮০)

৮. দুনিয়ায় সদ্ভাবে বসবাস

আল্লাহ বলেছেন, ‘তবে দুনিয়াতে তাঁদের সঙ্গে বসবাস করবে সদ্ভাবে।’ (সুরা লুকমান, আয়াত: ১৫)

এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট থেকে বোঝা যায়, মা-বাবা যদি অন্য আদর্শ বা বিশ্বাসের (কাফির কিংবা মুশরিক) অনুসারীও হন, তবু এই দুনিয়ায় তাঁদের সঙ্গে সদাচরণ করতে হবে এবং তাঁদের সেবা-যত্ন ও আর্থিক সাহায্য করতে হবে।

তবে তাঁরা যদি সন্তানকে স্রষ্টার অবাধ্য হতে বা কুফরি মতবাদ গ্রহণ করতে বলেন, তাহলে উত্তম পন্থায় কেবল সেই নির্দেশটিই প্রত্যাখ্যান করতে হবে। কারণ হাদীসে এসেছে, ‘সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোনো সৃষ্টিজীবের আনুগত্য জায়েজ নয়।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ২০৬৫৬)

শেষ কথা

এই আটটি অধিকার মনে রেখে চললে মা-বাবার সঙ্গে সম্পর্ক শুধু কর্তব্যের নয়, ভালোবাসারও হয়ে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে মা-বাবার হক আদায়ের তাওফীক দিন।

Author